শিরোনাম

দিনাজপুর, ২৪ জুন, ২০২৬(বাসস): জেলা ডিবি পুলিশের অভিযানে শহরে চাঁদাবাজি করার সময় একটি অত্যাধুনিক গিয়ার চাকুসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১২টায় দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার চাঁদাবাজকে গিয়ার চাকুসহ গতকাল মঙ্গলবার রাত ১২টায় কোতয়ালী থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের সূত্র জানায়, জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসার এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাত ৯টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের অভিযানকালে শহরে বাহাদুর বাজারে মালামাল নিয়ে আগত ট্রাক চালক এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে শহরে পাহাড়পুর মহল্লার মো. আমিনুল ইসলাম মুন্নার পুত্র মো. তাহি (২২) কে একটি স্টীলের তৈরি সুইচ গিয়ার অত্যাধুনিক চাকুসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়,আসামির সহযোগী শহরের কাঞ্চন কলোনির মো. দেলোয়ার হোসেনের পুত্র মো. ফাহিম (২২), ও পাহাড়পুর মহল্লার মো. মুছা আলমের পুত্র মো. মাসুদ (২৫) পুলিশের উপস্থিতি টের পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় গতকাল মঙ্গলবার রাত ১২টায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
সূত্রটি জানায়, পালিয়ে যাওয়া আসামিরা বেশ কিছুদিন থেকে শহরের বাহাদুর বাজার এলাকায় ব্যবসায়ী ও বাহির থেকে আগত মাল বোঝাই ট্রাক ও পিকআপ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে বলে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
পালিয়ে যাওয়া চাঁদাবাজদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করে।
ডিবি পুলিশ জানায়, আজ বুধবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার আসামি মো. তাহিকে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।