শিরোনাম

নড়াইল, ২০ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার মুসুড়ি গ্রামে বিয়ে বাড়ির গেটে নতুন বরকে বরণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামে (৫৩) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রী রাত ৮টার দিকে বিয়ে বাড়ির গেটে পৌঁছায়। এ সময় জামাইকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক। এ সময় বিয়ে বাড়ির আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুকুল। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বাসস’কে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী নকুল মল্লিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।