বাসস
  ০৩ জুন ২০২৬, ১৪:৩২

নড়াইলে অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-২, আহত ৫

নড়াইল, ৩ জুন, ২০২৬ (বাসস) : অ্যাম্বুলেন্সের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইল-লোহাগড়া সড়কের বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ড এলাকায় আজ সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের (৫৫) বাড়ি যশোরের পুলেরহাট এলাকায় এবং অ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন (২৮) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরকোলাকোপা গ্রামের আবুল হাসিমের পুত্র। এ দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ একই পরিবারের ৫জন আহত হয়েছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহানারা বেগম তার মৃত স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে নড়াইল হয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাদশার গ্যারেজ নামক স্থানে লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা জাহানারা বেগম ঘটনাস্থলে নিহত হন। অ্যাম্বুলেন্স চালক আকবরকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অ্যাম্বুলেন্সে নিহত জাহানারার পুত্র পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আবু তালেবসহ একই পরিবারের আরও ৯জন সদস্য ছিলেন। এর মধ্যে ৫জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জন অক্ষত আছেন।
তুলারামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।