শিরোনাম

যশোর, ২১ আগস্ট, ২০২৬ (বাসস): সদর উপজেলার যশোর-খুলনা সড়কের আল-আমিন মসজিদের পাশে ‘মহি স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে র্যাব-৬-এর একটি দল দোকানটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে মজুত রাখা ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করে জরিমানা করা হয়।
মেজর ফজলে রাব্বি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানটি থেকে নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট উদ্ধার করা হয়েছে।
আরও যারা এ ধরনের পণ্য বিক্রি ও মজুদ করছে, তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান তিনি।