বাসস
  ০৩ জুন ২০২৬, ১৪:১২

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে কুড়িগ্রামে সুপারি ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম, ৩ জুন, ২০২৬ (বাসস) : বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  জেলায় এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সলেয়া চৌকিদারের পুত্র এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইয়ুব আলী নিহত হন।

দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত গতি ও অসচেতনভাবে চালনার কারণে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।