বাসস
  ০৩ জুন ২০২৬, ১৩:৩৫

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে ; নিহত ১

খুলনা, ৩ জুন, ২০২৬ (বাসস) : খুলনায় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আজ রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ১ জন নিহত হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে সাইদুর রহমান সাইদ (২৫) নামে ১ যাত্রী নিহত হয়েছেন। আহত  হয়েছেন আরো ৭-৮জন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় ১ যাত্রী নিহত হন। ৭-৮ জন 
যাত্রী আহত হন। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।