শিরোনাম

নড়াইল, ৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপির প্রতিনিধি অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসনের এমপি’র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন আল আমীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো, রোকনুজ্জামান, সদর উপজেলা গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান কবীর, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, বিডিআরবি’র সহকারি উপজেলা কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমুখ।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান. চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪শ’ ৩০ মেট্রিক টন। সরকারিভাবে ধান বিক্রির জন্য উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় লটারির মাধ্যমে নির্বাচিত ৮শ’ ১২জন কৃষকের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। এছাড়া তালিকাভূক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের কাজ চলমান রয়েছে। প্রতিকেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। প্রতি কেজি ৪৮ টাকা দরে ২শ’ কেজি আতপ চাল কেনা হবে। সংগ্রহ অভিযান চলবে চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত।
সূত্রে জানা যায়, এ বছর নড়াইল জেলার তিন উপজেলায় মোট ৫ হাজার ২৮৪ মেট্রিক টন বোরো ধান এবং ৫ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২শ’ কেজি আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।