বাসস
  ৩১ মে ২০২৬, ১৯:১২

নওগাঁয় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ছবি: বাসস

নওগাঁ, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার বদলগাছী উপজেরায় আজ ঢেকরা সফিরের জমি হইতে খোর্দ্দভূবন ব্রীজ পর্যন্ত ১২০০ মিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা।

আজ রোববার দুপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনঃখননের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, বলুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেস প্রমুখ। 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশেপাশের ফসলি জমিতে পানি জমে থাকত। খালটি পুনঃখনন হলে এ সমস্যা অনেকাংশে সমাধান হবে। এতে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২০০ মিটার দীর্ঘ খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।