বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৪:৪২

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাব ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা চালায়। এই দিনটি জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। বক্তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং গণহত্যার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।