শিরোনাম

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ (বুধবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।