শিরোনাম

কিশোরগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার অষ্টগ্রাম উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু। তার অবস্থা আশঙ্কাজনক।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
দগ্ধ তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা কবির আহামেদ ভূইয়া বাসসকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।