বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০

নেত্রকোণা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি । ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ আটক করেছে।

বুধবার ভোর চারটার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা  ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,  নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল  রাত আনুমানিক সাড়ে দশটার দিকে  নেত্রকোণা ব্যাটালিয়ন এর মোহনপুর বিওপি’র ৮ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।

টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৮৮/৪-এস হতে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশিকুণ্ডা ইউনিয়নের রংপুর নামক স্থান হতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েজ’ মদ আটক করা হয়।

আটককৃত এই মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানান নেত্রকোণা বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।