শিরোনাম

বাগেরহাট, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস): জেলার চিতলমারী উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন বাগেরহাট -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতের অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। তাঁর আহ্বানে দলীয় নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব। সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।’
এ সময় তিনি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধির সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।