শিরোনাম

রংপুর, ২৫ ফ্রেরুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর শহরকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা অপসারণ অভিযানে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে ফুটপাত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।
এছাড়াও নগরীর বিভিন্ন সড়ক, দেয়াল ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অপরিকল্পিতভাবে পোস্টার-ব্যানার টানানোর কারণে শহরের সৌন্দর্য নষ্ট এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। তাই নগরীর নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান, মেট্রোপলিটন পুলিশ সুপার মজিদ আলী বি পি এম এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক আশরাফুল।
এসময় সিটি করপোরেশন প্রশাসক বলেন, ‘রংপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ফুটপাত দখলমুক্ত রাখা এবং অবৈধ পোস্টার-ব্যানার অপসারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।’
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর মহানগরীকে সুশৃঙ্খল ও দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।