শিরোনাম

লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লক্ষ্মীপুরের রায়পুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চর আবাবিল ইউনিয়নের আশকাল সর্দার বাড়ীর সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুন হোসেন (৯)। সে একই এলাকার কৃষক জামাল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তারা তিন ভাই ও এক বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ীর সামনে এসে সড়ক পার হচ্ছিল সাইফুন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।
রায়পুর থানার উপপরিদর্শক(এসআই) জসিম উদ্দিন বাসস’কে বলেছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।