শিরোনাম

লালমনিরহাট, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গতকাল রোববার মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা চায়, সে বিষয়ে একটি প্রোফাইল প্রস্তুত করে দেয়ার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক, উপজেলা বিএনপি নেতা ফারহান উদ্দিন আহমেদ পাশাসহ উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।