বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

বরকলে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

‎বরকলে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। ছবি: বাসস

‎রাঙ্গামাটি, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার ‎বরকলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরে পাচারের সময় বরকলের শুভলং চেক পোস্টে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করে শুভলং সেনা ক্যাম্প।

এ সময় ৬ হাজার ৫০০ প্যাকেট অরিস, ৪ হাজার প্যাকেট পার্টন ও অন্য কোম্পানির ২ হাজার ৪৬০ প্যাকেটসহ মোট ১২ হাজার ৯৬০ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৬২ হাজার টাকা।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাহবার বলেন, জব্দকৃত সিগারেট পাচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত এসব মালামাল বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জব্দকৃত সিগারেট থানায় নিয়ে আসা হয়েছে।

অবৈধ সিগারেট পাচারকারীরা বোট থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।