বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০

রাজশাহীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

ছবি: বাসস

রাজশাহী, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একযোগে জেলার ৭৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হালকা শীত থাকলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেন্দ্রে ছুটে এসেছেন সাধারণ মানুষ। কোনো কোনো কেন্দ্রে বয়োবৃদ্ধ ভোটারদেরও স্বজনদের সহযোগিতায় ভোট দিতে আসতে দেখা গেছে।

রাজশাহীর ৬টি আসনে একাধিক দলের ৩১ জন প্রার্থী থাকলেও এবার মূলত বিএনপি  এবং জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন।

রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন ও নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।

রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৮০ জন, রাজশাহী-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, রাজশাহী-৩ আসনে ৪ লাখ ২৩ হাজার ৯৩৭ জন, রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ও রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন।

সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট করতে নির্বাচন উপলক্ষে জেলাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যসহ ১৫ হাজার ৪২৩ জন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ১ হাজার ১৬০ জন, পুলিশ ৩ হাজার ১৮৫ জন, র‌্যাব ১৪৫ জন, বিজিবি ৭৮০ জন ও আনসার ১০ হাজার ১৫৩ জন।

কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে সেখানে ‘প্যাট্রোলিং ফোর্স’ পৌঁছে যাবে হলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

রাজশাহী-১ আসনের তানোর উপজেলার কিসমত বিল্লি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল হোসেন বলেন, ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করছি বিকেল পর্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক আফিয়া আক্তার জানিয়েছেন, সুষ্ঠু ভোটগ্রহণে যাবতীয় প্রস্তুতি রয়েছে। আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন আচরণ বিধিমালা কেউ লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না।