
রাঙ্গামাটি, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটিতে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকালে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাঙ্গামাটি জেলায় নির্বাচনে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনীর সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রতিটি ভোট সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম সার্বিক কার্যক্রম তদারকি করছে।
নির্বাচনে উপলক্ষে জেলা-উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলাতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণঅধিকার পরিষদ প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা), ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
রাঙ্গামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।