
সিলেট, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটায় বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।
শীতের সকালে ঠাণ্ডা উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১৭ বছর পর ভোট দিতে এসে কেউ কেউ উচ্ছাস প্রকাশ করেছেন। তারা বলেছেন, আজ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে নিজের মতামত দিতে পারাটা অত্যন্ত আনন্দের।
সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নারী ও পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেন।
সিলেট নগরের পাঠানটুলা জামেয়া (৩৩ নম্বর পুরুষ) কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে গেটে অপেক্ষা করছিলেন। সাড়ে সাতটায় ভোট শুরু হয়। বুথের সামনে সারিবদ্ধ ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পাশে নারী কেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বেশি। পুরুষ কেন্দ্রে ৮৭টি বুথ রয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।
ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য সবধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যদের সমন্বয়ে ট্রাইকিং ফোর্স রয়েছে মাঠে।
সিলেটের বিভাগে মোট ১৯ টি আসন রয়েছে। বিভাগের ৪ জেলার রিটার্নিং অফিসারদের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট জেলার ৬ টি আসনে মোট প্রার্থী ৩৩ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২৪ জন এবং হবিগঞ্জ জেলায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট বিভাগে মোট ভোটার ৮৩ লাখ ৪১ হাজার ১৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মোট ভোটার ২৮ লাখ ৬৮ হাজার ৮৮৯ জন। সুনামগঞ্জে ২০ লাখ ৬২ হাজার ২০৫ জন, মৌলভীবাজারে ১৫ লাখ ৯১ হাজার ৩০৬ জন এবং হবিগঞ্জে ১৮ লাখ ১৮ হাজার ৭৪৭ জন ভোটার রয়েছেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এবার সিলেটে শান্তিপূর্ণভাবে প্রচার সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
জেলা প্রশাসক বলেন, সিলেটে চারশ’র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এবার ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ সর্বোচ্চ সংখ্যক ফোর্স নিয়োজিত রয়েছে। অতীতের কোনো নির্বাচনে এতো ফোর্স ছিল না। এছাড়া ড্রোন ক্যামেরা থাকবে। ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা আশা করছি যেকোনো মূল্যে একটা সুন্দর নির্বাচন করতে পারব।
র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই।
তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে। ভোটের দিন কোন অভিযোগ থাকলে কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে র্যাব।
সিলেটে ৫৫০ জন র্যাব সদস্য ভোটের দিন মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এছাড়া নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।