বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার 

মুন্সীগঞ্জ ৭ ফেব্রুয়ারি , ২০২৬(বাসস) : মুন্সীগঞ্জের গজারিযায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানকালে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গজারিয়া আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে যৌথ বাহিনী নৌ-ডাকাত নয়নের পুত্র নিরবের বাসা থেকে ১টি শুটার গান, ২ রাউন্ড গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিরবের বিরুদ্ধে এলাকায় পিতার অনুপস্থিতিতে আধিপত্য বিস্তারের চেষ্টা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান অভিযানকালে শুটারগান গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।