বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯

উন্নয়নের প্রধান শর্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ : সমাজকল্যাণমন্ত্রী

ছবি : বাসস

দিনাজপুর, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, একটি এলাকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের প্রধান শর্ত হিসাবে কাজ করে। নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলে উন্নয়নের পথ সুগম হয়।

আজ শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলন ও  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, নিজেদের এলাকার পরিবেশ সুন্দর রাখলে সর্বস্তরে উন্নয়নমূলক কাজ করা সহজ হবে। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত  হবে।

তিনি বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে এসব অনৈতিক কাজ বন্ধ করতে হবে। শুধু আইন প্রয়োগের আশায় ঘরে বসে থাকলে হবে না।

এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা চান। ডা. জাহিদ হোসেন বলেন, সঠিক তথ্য ও পরামর্শ পেলে, উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।