বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২

শেরপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট জব্দ 

ছবি: বাসস

শেরপুর, ১১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ ঝিনাইগাতি উপজেলার সীমান্তে নেশাজাতীয় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার দুপুরে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইগাতি উপজেলার গোমড়া সীমান্ত এলাকায় চোরাকারবারীরা নিষিদ্ধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় নেশাজাতীয় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত  মালামালের বাজার মূল্য আনুমানিক একলাখ ৭৩ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি অব্যাহত থাকবে।