শিরোনাম

গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, মাদক বা অপরাধ দমনে পুলিশের যথাযথ পদক্ষেপের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা পুলিশ আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।
শিল্প ও জনবহুল জেলা হিসেবে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে পুলিশের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। তথ্য আদান-প্রদান ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পুলিশ ও গণমাধ্যম একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণ এলাকার চিত্র ও নানা সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা নোট নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এছাড়া সাধারণ মানুষকে দ্রুত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।