শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার সরাইলে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন ২০ কেজি জিরাসহ তিনজনকে আটক করা হয়েছ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন-ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরের পর এসব তথ্য জানানো হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ টন ২০ কেজি (এক টন অর্থাৎ এক হাজার কেজি) জিরা পাওয়া যায়।
তিনি বলেন, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করে তাদের আটক করা হয়।