শিরোনাম

ভোলা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ভোলা উপকূলের সমুদ্রপথে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী আবহাওয়া বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকেই সর্বসাধারণের মাঝে সতর্কবার্তা পৌছানোর লক্ষ্যে সমুদ্র উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছে কোস্ট গার্ড।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার ও নৌযানকে মাছ ধরা বা বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না পাঠাতে বলা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোন স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান বাসসকে বলেন, আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতি আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে বিশেষভাবে অনুরোধ করা হলো।
ভোলার আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. মনিরুল দুপুর ১ টায় বাসসকে বলেন, সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে নদ-নদী উত্তাল রয়েছে; তাই নৌযান ও মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে মূল ভূ-খণ্ডের কাছাকাছি থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোলা উপকূলের নদীপথ উত্তাল, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান, জেলার আবহাওয়া দপ্তরের এ কর্মকর্তা।