বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

রাজশাহী জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

ছবি: বাসস

রাজশাহী, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলা পরিষদ আয়োজিত অসহায়, দুস্থ, শিক্ষার্থী ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক ক্ষেত্রে সহায়তার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা)।
প্রধান অতিথি’র বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা) বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।’
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের দায়িত্ববোধ আরও অর্থবহ হবে। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে সহায়তা করা এবং অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া একটি মানবিক কাজ।

আলোচনা সভা শেষে ৩৮ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ৬২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিন।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।