বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

ঢাবির ২১ শিক্ষার্থী পেল ট্রাস্ট ফান্ড বৃত্তি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে।

এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’ এবং সাতজন শিক্ষার্থী ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ পেয়েছেন।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব বৃত্তি প্রদান করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াঙ্কা গোপ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহীন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ট্রাস্ট ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহযোগিতা তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য ট্রাস্ট ফান্ডের দাতাদের আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং এটি তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।