বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ

রাজবাড়ীতে বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আজ চেক বিতরণ করা হয়। ছবি: বাসস

রাজবাড়ী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের  সদস্যদের মাঝে আজ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।  এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ অহিদুর রহমান এবং মালিক গ্রুপ রাজবাড়ীর পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

প্রধান অতিথি’র বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন সরকারের যৎসামান্য আর্থিক আনুকূল্য এটা আপনার পরিবারের জন্য একটু হলেও সহানুভূতি যোগাবে। আগামী দিনে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাইনা।

তিনি বলেন, আমরা সব সময় সতর্কতার সাথে সড়কে চলাচল করব এবং অন্যকেও সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার পরামর্শ দেব।

আসুন, আমরা সবাই মিলে নিরাপদ সড়ক চলাচলে একে অপরকে সাহায্য করি।