বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

নাটোরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা

ছবি : বাসস

নাটোর, ৮ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার লালপুর উপজেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবীর হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নাটোরের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নেয়ামুল হাসান নীপ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে জনগণকে আইন সম্পর্কে অবহিত করার পাশপাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।  

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নেয়ামুল হাসান নীপ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পেশার মানুষকে নিরাপদ খাদ্যের ধরণ এবং গ্রহন সম্পর্কে অবগত করা হচ্ছে। বাড়িতে ও বাইরে নিরাপদ খাদ্য গ্রহন এবং সুস্থ্য থাকার উপায় সম্পর্কে অবহিত করা হচ্ছে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।