বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৮

পিরোজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : বাসস

পিরোজপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ প্রায় ৩০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়।

মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক বাসসকে বলেন, আমরা সংগঠনের উদ্যোগে এর আগেও একাধিকবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। দেখা যায়, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। সময়মতো চক্ষু চিকিৎসা না নেওয়া এবং চিকিৎসার প্রতি অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। আবার অনেকেই ছানি রোগে ভুগছেন। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি।