শিরোনাম

বরিশাল, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা মানে শুধু নিজের নামের স্বাক্ষর করতে পারা নয়, বরং সঠিকভাবে লিখতে, পড়তে ও গণনা করতে পারার সক্ষমতা অর্জন করাকে বুঝায়। শুধু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ছাড়া একটি দক্ষ, সচেতন ও উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। তাই শিক্ষার মূল লক্ষ্য হতে হবে, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলা।
তিনি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষার মূল বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ থেকে কেউ বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারলেই উপানুষ্ঠানিক শিক্ষার প্রকৃত সুফল পাওয়া সম্ভব। বিশেষ করে ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা মানুষদের শিক্ষার আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, মানুষকে জীবনের উন্নতি, দক্ষতা অর্জন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিবার, সামাজিক সচেতনতা ও আত্মনির্ভরতার বিষয়ে বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই উপানুষ্ঠানিক শিক্ষার প্রকৃত সার্থকতা ফুটে উঠবে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক ও ঝরে পড়া জনগোষ্ঠীর জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। এর মাধ্যমে তারা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বিশ্বাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহজাদী আক্তার ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো, গোলাম মোস্তফা সারোয়ার হোসেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।