বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ছবি : বাসস

নাটোর, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপরে একতলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

আজ শনিবার কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এ সময় প্রধান অতিথি বলেন, বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। কোন দেশকে ধ্বংস করতে হলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। যেন নতুন প্রজন্ম দেশের যোগ্য নাগরিক এবং রাষ্ট্রের নীতি নির্ধারক হয়ে গড়ে উঠতে না পারে। শিক্ষাঙ্গনের ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার বিগত সময়ের ক্ষতিপূরণ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সংসদ সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, এই ধ্বংস থেকে উত্তরণের জন্যে সরকার নতুন কারিকুলাম প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া গবেষণা কার্যক্রমকে গতিশীল করা, প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার এবং অবকাঠামো উন্নয়নেও কাজ করছে সরকার। আগামীতে এসব উদ্যোগের সুফল পাবে দেশ ও জাতি।

কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের আহ্বায়ক এ হাই তালুকদার ডালিম।