বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে : ভূমিমন্ত্রী

ছবি : বাসস

রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সৈনিকদের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার নগরীর বাটার মোড়ে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন এটি। এই দলকে নিয়ে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি সর্বদাই দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করেছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে।”

তিনি উল্লেখ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম নিপীড়ন চালিয়েও বিএনপিকে স্তব্ধ করা যায়নি; কারণ বিএনপি কখনো কারও কাছে মাথা নত করে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক যুগান্তকারী ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করছেন, যার প্রত্যক্ষ সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নুল আবেদীন, সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

সমাবেশ শেষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।