বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯

দামুড়হুদায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার দামুড়হুদায় বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কালিয়াবকরি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কালিয়াবকরি গ্রামের মাদার মণ্ডলের ছেলে লিটন হোসেন (৪০) ও তার স্ত্রী লিপা খাতুন (৩৬)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে লিটন হোসেন বাড়ির পাশে গরুর জন্য বৈদ্যুতিক মেশিনের সাহায্যে ঘাস কাটছিলেন। এ সময় কোনোভাবে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী লিপা খাতুন। এ সময় তিনিও  বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের সদস্যরা লিটন হোসেন ও লিপা খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহউদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।