বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯

মাধ্যমিকের ৪ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণে ‘মাস্টার ট্রেইনার পুল’ গঠনে অনলাইন আবেদন আহ্বান

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিতকরণ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নে 'মাস্টার ট্রেইনার পুল' গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চার বিষয়ের যোগ্য ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাস্তবায়িত লেইস প্রকল্পের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, লেইস প্রকল্পের অধীনে মাধ্যমিক স্তরের মোট ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং (পিডিটি) প্রদান করা হবে। এই বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি সুনির্দিষ্ট পুল তৈরি করা হবে।

এতে বলা হয়, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রশিক্ষক নির্বাচন নীতিমালার আলোকেই পেশাগত মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত 'মাস্টার ট্রেইনার পুল' প্রস্তুত করা হবে।

আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিঙ্কে (https://mtr.laiseproject.com/) প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইন আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদনের শর্তাবলী অনুযায়ী, আবেদনকারী শিক্ষককে অবশ্যই নিজ প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর করা অগ্রায়ণপত্র দাখিল করতে হবে।

অগ্রায়ণপত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রশিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার অনাপত্তি উল্লেখ থাকতে হবে।

প্রমাণক হিসেবে পূর্বের প্রশিক্ষকের অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র কিংবা প্রয়োজনীয় অফিস আদেশ দাখিল করতে হবে।

আবেদনপ্রক্রিয়া চলাকালে যেকোনো প্রকার কারিগরি সহায়তার জন্য মোবাইল নম্বর (০১৩৪৬১৫০৭৯০) অথবা ইমেইলে ([email protected])  যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।