বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। 

কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। এ সময় সেখানে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে সেখানে গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।