শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইউজিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন বলতে কেবল নতুন ভবন বা অবকাঠামো নির্মাণকে বোঝায় না। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও সামগ্রিক অগ্রগতির একটি অপরিহার্য অংশ।’
রুয়েটের বিদ্যমান শান্ত ও সবুজ পরিবেশের প্রশংসা করে তিনি ক্যাম্পাসের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সেটিকে আরো সুপরিকল্পিত ও সবুজ হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।
শিক্ষার গুণগত মান ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান হতে পারে না। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানের পাশাপাশি উচ্চ নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।