শিরোনাম

কুমিল্লা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভোটে সরকার গঠন করেছে বিএনপি। ইতিহাসে কোনো স্বৈরাচারী বা অগণতান্ত্রিক সরকারই জনগণের ওপর জোর করে চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসকেরও পতন ঘটেছে। তাই গণতন্ত্রের মূল শক্তিই হলো জনগণ, এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।
দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। কৃষকের সার্বিক কল্যাণ ও উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, এমন একটা সময় ছিল যখন সাধারণ কৃষিপণ্যও আমদানি করতে হতো। তবে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকরি পদক্ষেপে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমাদের আমদানিনির্ভরতা অনেক কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না, বরং আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এমপি; সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া; মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।