বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

ফেনীর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে ১৭ সেপ্টেম্বর

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ফেনীর ফুলগাজী উপজেলায় আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যের একটি তদারকি টিম গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর।

রোববার জারি করা সমাজসেবা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান হবে।

আদেশ অনুযায়ী, অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে।

তদারকি টিমের সদস্যরা হলেন- সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার মো. রায়হান কবীর ও সমাজসেবা অফিসার পলাশ হোসাইন।

অফিস আদেশে আরও বলা হয়, তদারকি টিম ১ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে। একই সঙ্গে বাড়ি-বাড়ি গিয়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও নির্বাচিত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।