শিরোনাম

ভোলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বর্ণাঢ্য র্যালি, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে ভোলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আজ বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালিতে নেতা-কর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও নানা রঙের ফেস্টুন নিয়ে তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
এরআগে জেলা সদরের কালীনাথ রায়ের বাজারের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দলের জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র মো.সফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।