শিরোনাম

নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ওই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
এতে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এ সময় ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মেরামতকারী মোস্তাক আহমেদ বাসসকে জানান, আজ সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে গতি স্বাভাবিক করা হবে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো.মাসুদ রানা বাসসকে বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।