বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ২৩:২৭

দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে : বিমানমন্ত্রী

ছবি : বাসস

ময়মনসিংহ, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৈনন্দিন কর্মস্পৃহার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারব না? আমরা যদি এই প্রশ্ন নিজের বিবেককে করি, তাহলে সবাই কর্মস্পৃহা নিয়ে কাজ করতে পারব।

ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, তা থেকে আমরা শিক্ষা না নিলে সবার পরিণতি খারাপ হবে। তাই বিগত সময়ে যা হয়েছে, আমরা কেউ কোনোভাবেই তা করতে চাই না।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার মনোভাব নিয়ে কাজ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময়ে যা হয়েছে, আমরা তা করতে চাই না। ফ্যাসিস্ট আমলে যেভাবে চাকরি করা হয়েছে তা আর করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিমানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা দেশকে উন্নত করতে চাই। বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এটি সংস্কার করতে হলে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদের প্রতিবেশী অনেক দেশ উন্নতির শিখরে অবস্থান করছে। কিন্তু নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে ছিলাম। এখন বর্তমান প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছেন।

প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়ীয়ার সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উম্মে হাবীবা মীরা যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের পরিচালক বায়েজিদ, র‌্যাব কর্মকর্তা শামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।