বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৮:১৩

চট্টগ্রামে বিদেশি মদসহ মাদককারবারি আটক

ছবি: বাসস

চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : নগরীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটক আরিফুল ইসলাম ভূঞা (২১) খাগড়াছড়ির রামগড় উপজেলার কার্বারীপাড়া এলাকার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। র‌্যাবের সংকেত পেয়ে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় গাড়িতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আটক আরিফুল ইসলাম জানায়, তিনি ও পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।

আটক আসামি ও উদ্ধার মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।