শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে।
তিনি বলেন, জনবল নেই, টেকনিশিয়ান নেই, তারপরও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে। এখন এসব যন্ত্রপাতি ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই।
আজ জেলা প্রশাসন মানিকগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
স্বাস্থ্যখাতে কেনাকাটায় সততা এবং জবাবদিহি নিশ্চিত করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীদের উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান আরো উন্নত করতে হবে। ঘুরেফিরে একটি বিষয়ই সামনে আসে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পুনরায় গ্রেফতার করতে হবে। যেকোনো মূল্যে মাদককে নির্মূল করতে হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।