শিরোনাম

মেহেরপুর, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে মেহেরপুর শহরের নিমতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাংনী ও মেহেরপুর থানা পুলিশ ও মেহেরপুর ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-কাজিপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা এ মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি।
এর আগে গতকাল শনিবার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে খায়রুজ্জামান ওরফে আকামত নামে মামলার এক অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।
মামলার এজাহার ও সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণকালে সাংবাদিক রাব্বি আহমেদ ও তারেক হোসেনকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত ও মোবাইল কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।
হামলায় আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা গাংনী থানায় গিয়ে মামলা করেন।
এ ঘটনায় দুই শিক্ষকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাদ্দিদ মোর্শেদ জানান, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।