বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৯:১৭

বরিশালে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ

ছবি : বাসস

বরিশাল, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত শক্তিশালী করতে এর তথ্য ব্যবস্থাপনা সহজ ও ডিজিটালকরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে ডিজিটালাইজড করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সহজ হবে। ডিজিটাল সিস্টেমের কল্যাণে সাধারণ মানুষ এখন ভোগান্তি ছাড়াই ঘরে বসে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা অত্যন্ত দ্রুত, স্বচ্ছ এবং সাশ্রয়ী উপায়ে নিতে পারছেন। এ সিস্টেমে মামলা এন্ট্রি হওয়ার পর সব ডেটা কেন্দ্রীয় সার্ভারে সুরক্ষিত থাকায় মামলার তথ্য কারচুপির কোন সুযোগ থাকে না। তাই সরকার প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজীকরণের উদ্দেশ্যে আদালত সংশ্লিষ্টদের জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারাই গ্রাম আদালত কার্যক্রমের প্রাথমিক বিচারক। কারণ আপনারা যেভাবে মামলার নথিপত্র যাচাই-বাছাই করে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তার ওপর পরবর্তী বিচারিক কার্যক্রম অনেকাংশে নির্ভর করবে। গ্রাম আদালতে চেয়ারম্যানের পাশাপাশি বাদী-বিবাদী উভয় পক্ষের প্রতিনিধিরা থাকেন। 

তাই মামলার নথি প্রস্তুত ও উপস্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধান অনুযায়ী, সাধারণভাবে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে আবেদনের মাধ্যমে নির্ধারিত সময় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় কোনো মামলা ছয়-সাত মাস কিংবা দুই বছর ধরে চলমান রয়েছে তাহলে তা আইনের উদ্দেশ্য ও বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসময় তিনি গ্রাম আদালতের কার্যক্রমে নির্ধারিত সময়সীমা মেনে দ্রুত মামলা নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক উপমা ফারিসা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতান। 

এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।