বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৯:২৮

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪৩ ডেঙ্গু রোগী

খুলনা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) :  খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে সরকারি হাসপাতালে ১৯৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হন। 

গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন করে ১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এর ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। 

আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭২৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন  ৭০৫ জন রোগী।
 
এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ১১৪ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৭৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৩৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।