বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ২১:০১

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২  

হবিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় আজ পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম পারভেজ (৪০) ও শামীম রেজা (৩৯) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার বিকেলে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মোহাম্মদ মাসুম পারভেজ জেলার নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। অন্যদিকে, নিহত শামীম রেজা একই বিদ্যালয়ের দপ্তরী। 

মাসুম পারভেজ নেত্রকোণা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেল যোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, শামীম রেজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।