বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১৬:৪৫

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ

শেরপুর, ২৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। 

আজ শনিবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এর টহল দল নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে এসব স্থান থেকে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।